পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন হচ্ছে না যে কারণে
প্রকাশিত: ৫:৪৭:০০ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর, ২০২৪

পিলখানা হত্যাকাণ্ড
লাস্টনিউজবিডি, ১৫ ডিসেম্বর: বিজিবি (তৎকালীন বিডিআর) সদরদপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে আপাতত কোনো কমিশন গঠন হচ্ছে না। রবিবার সকালে হাইকোর্টকে এ কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কারণ হিসেবে জানানো হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আদালতে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত এ নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মো. মফিজুল ইসলামের সই করা এসংক্রান্ত স্মারকে বলা হয়, বিষয়টি (পিলখানা হত্যাকাণ্ড) জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালতে এ সংক্রান্ত দুটি মামলা বিচারাধীন থাকায় এ পর্যায়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও রবিবার এমন তথ্য জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃ তদন্ত চেয়ে আন্দোলন শুরু হয়।
পিলখানায় বিডিআর সদরদপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা হয়।
লাস্টনিউজবিডি/এএইচ