সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ
প্রকাশিত: ৭:৫৬:০০ অপরাহ্ণ, ২৩ জানুয়ারী, ২০২৫

সালমান এফ রহমান
লাস্টনিউজবিডি ২৩ জানুয়ারি: বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমান তার প্রতিষ্ঠান এপোলো অ্যাপারেলস এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে ২১টি এলসি (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে তার ছেলের প্রতিষ্ঠান আরআর গ্লোবালের কাছে ২ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ পাচার করেছেন। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে এই অর্থ পাচার করা হয়। এ ঘটনায় মানিলন্ডারিং মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডি।
এই বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন মহলে তীব্র আলোচনা চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা পরস্পর সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে। তাই আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় ২ হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের দ্য এনভয় নামে বিল্ডিংয়ে তার ছেলে এ মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ২ হাজার ৭১৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি টাকা।
ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এরইমধ্যে ১৭টি মামলা করেছে সিআইডি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
লাস্টনিউজবিডি/জে আই