বিএনপি নেতা কাইয়ুম বেকসুর খালাস!
প্রকাশিত: ১১:৩১:০০ পূর্বাহ্ণ, ৪ জুলাই, ২০২৫

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ৪ জুলাই: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১১ আসনের (বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল) সাবেক সংসদ সদস্য প্রার্থী জননেতা ড. এম এ কাইয়ুম ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় আদালত কর্তৃক বেকসুর খালাস পেয়েছেন।
ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছিল বলে দাবি করে আসছিলেন তিনি ও তার সমর্থকরা। দীর্ঘদিনের আইনি লড়াই শেষে আদালতের রায়ে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন।
এই রায়ের পর ড. কাইয়ুম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, "আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, অবশেষে সত্যের জয় হয়েছে। আমি সবসময়ই নির্দোষ ছিলাম, এটা আজ প্রমাণিত হলো।"
খালাস পাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে আখ্যা দিচ্ছেন।
দলীয় সূত্র জানায়, এই রায়ের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার অপপ্রয়াস ভেস্তে গেছে এবং দলের একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতা পুনরায় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
লাস্টনিউজবিডি/ এমএইচ