১৫ মাসে ৪৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করেছে দুদক
প্রকাশিত: ১:১৯:০০ অপরাহ্ণ, ১৮ মে, ২০২৬

ফাইল ছবি
লাস্টনিউজবিডি ১৮ মে: গত ১৫ মাসে দেশে ও বিদেশে প্রায় ৪৩ হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই সময়ে জমি, বাড়ি, ফ্ল্যাট, ভবন, গাড়ি, দোকান, মার্কেট, জাহাজ, ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর ও স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের সম্পদ আদালতের আদেশে ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, দেশের ভেতরে প্রায় ২৩ হাজার ১৭২ কোটি টাকার বেশি সম্পদ অবরুদ্ধ এবং ৬ হাজার ১৩৭ কোটি টাকার বেশি সম্পদ ক্রোক করা হয়েছে। একই সময়ে বিদেশে অবরুদ্ধ সম্পদের পরিমাণ প্রায় ৯৪৪ কোটি টাকা এবং ক্রোক করা সম্পদের পরিমাণ প্রায় ৯৭ কোটি টাকা।
দুদক বলছে, আদালতের নির্দেশেই এসব সম্পদ জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে যাতে সেগুলো বিক্রি বা হস্তান্তর করা না যায়। সংস্থাটি জানায়, অনুসন্ধান ও তদন্ত পর্যায়ের আবেদনের ভিত্তিতে আদালত এসব পদক্ষেপের অনুমোদন দেয়।
দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম বলেন, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের সময় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ আদালতের অনুমোদনে ক্রোক বা অবরুদ্ধ করা হয়েছে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এসব সম্পদ অবরুদ্ধ থাকবে।
এর আগে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাটসহ কয়েকটি সম্পদ জব্দের ঘটনায় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনে দুদক। সংস্থাটি বলছে, এসব বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
লাস্টনিউজবিডি/জে আই