ফের বাড়ল সোনার দাম
প্রকাশিত: ১০:৩০:০০ অপরাহ্ণ, ১৮ মে, ২০২৬

লাস্টনিউজবিডি, ১৮ মে: মার্কিন ডলারের দুর্বলতা এবং অপরিশোধিত তেলের দাম কমায় বিশ্ববাজারে সোনার দাম আবার কিছুটা বেড়েছে। এতে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। তবে বন্ডের উচ্চ মুনাফার কারণে সোনার দাম বৃদ্ধির গতি সীমিত রয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির দিকেও নজর রাখছেন।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মে) দিনের শুরুতে ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর স্পট মার্কেটে সোনাের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৫৬৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন সোনারর ফিউচার ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৫৭২ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
বেশিরভাগ প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দরপতন হওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের সোনা আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, মার্কিন ডলার সূচক দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা সোনার বাজারের জন্য ইতিবাচক। পাশাপাশি অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে।
এদিকে বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় কিছু ব্যাংক তাদের স্বল্পমেয়াদি সোনার দামের পূর্বাভাস কমাতে শুরু করেছে। বড় ঋণদাতা প্রতিষ্ঠান জেপি মরগ্যান ২০২৬ সালের জন্য গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস প্রতি আউন্স ৫৭০৮ ডলার থেকে কমিয়ে ৫২৪৩ ডলারে নামিয়েছে।
অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১৯৭৫ দশমিক ০৫ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ১৪০৪ দশমিক ৭৫ ডলারে নেমেছে।
লাস্টনিউজবিডি/কেএমজে